পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে বাসাতের উদ্যোগে ইস্তানবুলে অনুষ্ঠিত হলো “ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ”।
ইস্তানবুলের এশিয়া লাউঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী, পরিবারবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে তুরস্কের বিভিন্ন শহর থেকেও অনেকে উপস্থিত হন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং প্রাণখোলা আড্ডায় মেতে ওঠেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাসাতের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হুসাইন। পরবর্তীতে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বাসাতের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক রাফিকুল হাসান রাফি, বার্তিন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. সৈয়দ রাশেদ হাসান চৌধুরী এবং আটলাস ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. মাহাদি হাসান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বাসাতের ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মাগফুর আহমদ।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে উপস্থিত অতিথিদের জন্য পরিবেশন করা হয় সুস্বাদু দেশীয় খাবার। প্রীতিভোজে অংশগ্রহণের মাধ্যমে সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। আন্তরিকতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
সফল এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের প্রতি বাসাত আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
ঈদ মোবারক।
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).
